ঈদযাত্রা: ঢাকা থেকে ছাড়বে যেসব ট্রেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল চলাচলের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

আগামী ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল শুরু হবে। এরইমধ্যে অনলাইনে আজ বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে রেলভবনে সময় নিউজকে রেলমন্ত্রী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

সে সময় মন্ত্রী জানান, ঢাকা থেকে চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি ও মহানগর প্রভাতি; ঢাকা থেকে সিলেট জয়ন্তিকা এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস; ঢাকা থেকে রাজশাহী পদ্মা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস; ঢাকা থেকে খুলনা চিত্রা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে।

তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৩৮ জোড়া আন্তঃনগর, ১৯ জোড়া মেইল ও কমিউটার দিয়ে শুরু হচ্ছে ট্রেন যাত্রা।

মন্ত্রী আরও জানান, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে। বন্ধ থাকবে কাউন্টার।

এদিকে, সকালে ঈদকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।