রোববার মারাকানায় অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতে হয়েছিল স্বাগতিক ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে ফিরেই আর্জেন্টিনার জালের ঠিকানা খুঁজে নিয়েছে তারা। কিন্তু অফসাইডের আলোর মুখ দেখেনি গোল। আর শেষ প্েযন্ত গোল অধরাই থেকে যায় ব্রাজিলের।
শ্বাসরুদ্ধকর ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই একের পর এক জোরাল আক্রমণ করতে থাকে ব্রাজিল। যার সুবাদে ম্যাচের ৫২ মিনিটেই পেয়ে যায় গোলের দুর্দান্ত সুযোগ। ডি-বক্সের মধ্য থেকে সেটি কাজেও লাগিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু আক্রমণের শুরুতে তিনি অফসাইডে থাকায় বাতিল করা হয় গোল।
প্রসঙ্গত, কোপা আমেরিকার দ্বৈরথে এগিয়ে মেসির দেশ। কোপায় এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। যারমধ্যে আলবিসেলেস্তারা জিতেছে ১৫ ম্যাচ ও ব্রাজিল জিতেছে ১০ ম্যাচ। আর ড্র হয়েছে ৮টি ম্যাচ। গোলের সংখ্যার দিকেও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। মেসিরা কোপায় ব্রাজিলের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৫২টি গোল করেছে। অন্যদিকে, আর্জেন্টিনার বিরুদ্ধে নেইমারের ব্রাজিল করেছে ৪০টি গোল।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গ্যাব্রিয়েল মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
ব্রাজিলের শুরুর একাদশ: এডারসন মোরায়েস, দানিলো, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, রেনাল লোদি, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, ফ্রেড, এভারটন রিভেইরো, নেইমার ও রিচার্লিসন।
