ফাইনালের আগে বিতর্কের জন্ম দিলেন নেইমার!

ব্রাজিলের হয়ে নিজের ১ম কোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নেইমার। তার হাত ধরে ট্রফি জয়ের স্বপ্ন বুনছে ব্রাজিলিয়ানরাও। অথচ ফাইনালের আগে বিতর্কের জন্ম দিলেন পিএসজি তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন স্বয়ং তার দেশের সমর্থকদের ওপর!

তার দাবি, ব্রাজিলিয়ানদের অনেকেই ফাইনালে তাদেরকে সমর্থন দিচ্ছেন না! শুক্রবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এমন কথা লিখেন তিনি।

নেইমার লিখেছেন, গর্ব এবং ভালোবাসার সঙ্গে বলতে চাই, আমি একজন ব্রাজিলিয়ান। আমার সারাজীবনের স্বপ্ন ছিলো ব্রাজিলের জাতীয় দলে খেলা এবং সমর্থকদের উল্লাস করতে দেখা। তাদের চিৎকার শোনা।

যেকোন প্রতিযোগিতা সেটি হতে পারে খেলাধুলা, মডেলিং প্রতিযোগিতা, অস্কার কিংবা যাই হোক না কেন, আমি কখনো ব্রাজিলের বিপক্ষে যাবো না। যেখানে ব্রাজিল থাকবে আমি সেখানে থাকবো। কিন্তু যারা ব্রাজিলিয়ান অথচ ভিন্নভাবে চিন্তা করেন তাদের জন্য ঘৃণা।

এছাড়া লেখার অযোগ্য ভাষায় গালিও দেন নেইমার। নিচে আবার লিখে দেন, এটি শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের বিপক্ষে।

নেইমারের এমন ক্ষ্যাপার কারণ হতে পারে দু’টো। প্রথমত, ব্রাজিলে প্রচুর মেসি সমর্থক আছেন। তারা চাইছেন মেসির হাতে উঠুক এবারের কোপা আমেরিকার ট্রফি। তাদের উদ্দেশ্যেই এমন মন্তব্য করতে পারেন ব্রাজিলিয়ান তারকা।

এর আগে আর্জেন্টিনার সেমিফাইনালের ম্যাচের আগে নেইমার বলেছিলেন, আমি চাই আর্জেন্টিনা ফাইনালে উঠুক। কারণ ওখানে আমার অনেক বন্ধু আছে। সুতরাং তাদের পক্ষে আমি গলা ফাটাবো।

তার এমন মন্তব্যের পর ব্রাজিলে শুরু হয় সমালোচনা। তবে নেইমার পরিষ্কার জানিয়ে দিলেন, আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যখন নিজের দেশ থাকবে তখন আর অন্য কোন দেশকে সমর্থন করতে যাবেন না তিনি।