গত ৬ জুলাই সকাল সাড়ে ১০টায় বগুড়ার একটি সরকারি হাসপাতালে মারা যান ঢালিউড চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী। জানা যায়, তিনি থাইরয়েড রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য এর আগে তিনি ১০ দিন ঢাকার হেলথকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
কিন্তু সেখানকার ব্যয়ভার বহন করতে পারছিলেন না চাঁদনী। এরপর তিনি গ্রামের বাড়ি বগুড়ায় গিয়ে একটি সরকারি হাসপাতালে ভর্তি হন। চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।
সিলভীর মামা মাসুম জানান, ‘টাকার অভাবে আমরা ঢাকায় তার চিকিৎসা করাতে পারিনি। এজন্য তাকে বগুড়ায় নিয়ে আসতে হয়। এখানে আনার চার দিনের মাথায় সে মারা যায়।’ কিন্তু কেন এমন দুর্দাশা হলো চাঁদনীর? কেন অর্থাভাবে, ভালো চিকিৎসার অভাবে অকালেই তাকে প্রাণ দিতে হলো?
জানা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে অসৎ সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ঢালিউডের এই চিত্রনায়িকা। ২০১১ সালে কক্সবাজারের একটি হোটেল থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সে সময় তার সঙ্গে চলচ্চিত্র পরিচালক জিএম সারওয়ারসহ আরো ছয়জন গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন তারা কারাগারে ছিলেন।
জেল থেকে ছাড়া পেয়ে ২০১২ সালে অভিনয়ে ফেরেন চাঁদনী। ২০১৮ সাল পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও প্রতিটিই ছিল ফ্লপ। যার কারণে চাঁদনীর ব্যাংক ব্যালেন্সের স্বাস্থ্যও ভালো হয়নি। এছাড়া তার পূর্বে অর্জিত প্রায় সব অর্থই ২০১১ সালের পর থেকে মাদক মামলা থেকে ছাড়া পাওয়ার পেছনে ব্যয় হয়ে যায়।
এর ফলে বিপদের সময়ে দারুণ অর্থাভাবে পড়ে যান চাঁদনী। ২০১৯ সালে তিনি থায়রয়েড রোগে আক্রান্ত হন। শোনা যায়, নিজেকে ফিট রাখতে অতিরিক্ত ডায়েট করতে গিয়ে শরীরে আয়োডিনের অভাব দেখা দেয় চাঁদনীর। তিনি থাইরয়েডে আক্রান্ত হন। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা নিতে পারেননি। চিকিৎসার অভাবেই চলে যান না ফেরার দেশে।
২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন চাঁদনী। ২০০৯ সালে ‘বলো না কবুল’ সিনেমার মাধ্যমে অভিষেখ করেন ঢাকাই সিনেমায়। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ওই সিনেমায় তিনি শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন।
এরপর ২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন চাঁদনী। মূলত এ ছবি থেকেই তিনি চাঁদনী নামে পরিচিত হন। ২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত ‘বাংলা ভাই’ সিনেমাটি। যেখানে তিনি চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন।
পরবর্তীতে ‘কমিশনার’, ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’, ‘ভালোবাসার চ্যালেঞ্জ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন চাঁদনী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাঙামন’। এটি মুক্তি পায় ২০১৮ সালে। সেখানে তিনি চিত্রনায়ক নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেন।
সূত্র : ঢাকাটাইমস
