মডার্না, সিনোফার্মের ৪৫ লাখ ডোজ এল দেশে

দেশে পৌঁছেছে করোনা ভাইরাস প্রতিরোধের ৪৫ লাখ ডোজ টিকা। এসব প্রতিষেধক এসেছে যুক্তরাষ্ট্র এবং চীন থেকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মডার্নার তৈরি টিকা এসেছে ২৫ লাখ। চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ। শুক্রবার রাত, শনিবার ভোর এবং সকাল মিলিয়ে চারটি ফ্লাইটে দেশে পৌঁছেছে করোনা প্রতিরোধের এসব প্রতিষেধক।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন থেকে সিনোফার্মের যে দেড় কোটি ডোজ টিকা কিনছে সরকার। তার একটি অংশ ২০ লাখ এসেছে দেশে। আর মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া গেছে বিনামূল্যে। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের অধীনে এই ডোজগুলো পেয়েছে বাংলাদেশ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি ১৩ লাখ এবং চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। শনিবার ভোর সাড়ে ৫টায় একটি এবং বেলা পৌনে ৯টায় আরেকটি ফ্লাইটে বাকি টিকা এসেছে দেশে।

টিকার চালান গ্রহণ করতে রাতে ঢাকার বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য কর্মকর্তা।

বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘টিকার সংকটে দেশে গণটিকাদান কর্মসূচিতে ছন্দপতন হয়েছিল। এসব টিকা আসায় গণটিকাদান কর্মসূচি আবারও গতি পাবে।’

তিনি বলেন, ‘টিকাদান কার্যক্রম আমরা জোরেশোরেই শুরু করেছিলাম। টিকা না পাওয়ায় মাঝখানে কিছুদিনের জন্য টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। এখন আমরা আনন্দের সাথে বলতে পারি, আগামীতে টিকার আর কোনো অভাব হবে না।’ ডিসেম্বর নাগাদ বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে ১০ কোটি ডোজ টিকা পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে বা তার পরে জনসন অ্যান্ড জনসন থেকে আরও সাত কোটি ডোজ টিকা পাওয়া যাবে।’

সূত্র : ঢাকা টাইমস