উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইনস এর জরুরি সেবা চালু করার জন্য দুবাই এয়ারপোর্টের টার্মিনাল-১ এবং কনকোর্স-ডি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
কোভিড-পরবর্তী সময়ে পুনরায় টার্মিনাল চালুর ফলে নতুন করে সাড়ে তিন হাজার কর্মসংস্থানও তৈরি হবে এয়ারপোর্টিতে।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৪ জুন তাদের টার্মিনাল-১ ও কনকোর্স-ডি চালু করা হবে। এ সময় প্রায় ৬৬টি বিমান পরিবহন সংস্থার অবতরণ ও উড্ডয়ন টার্মিনাল-৩ থেকে টার্মিনাল-১-এ নিয়ে আসা হবে।
ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাত্কারে দুবাই এয়ারপোর্টের সিইও পল গ্রিফিথস জানান, টার্মিনাল-১ পুনরায় চালু করার ফলে বিমানবন্দরে পিসিআর টেস্টিংয়ের হার আরো বেড়ে যাবে পাশাপাশি আরো ১ কোটি ৮০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতাও যুক্ত হবে।
একই সঙ্গে টার্মিনাল-১ ও কনকোর্স-ডি পুনরায় চালু করার ফলে কয়েক হাজারের মতো কর্মসংস্থানও পুনরায় যুক্ত হবে বলে জানান তিনি। শিগগিরই বিমানবন্দরটির মোট ধারণক্ষমতার প্রায় ৯০ শতাংশের মতো চাহিদা পুনরুদ্ধার হতে পারে।
সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনার সুপ্রিম কমিটি কর্তৃক প্রবর্তিত নতুন ভ্রমণ প্রোটোকলের সাথে মিল রেখে বিমান সংস্থা এমিরেটস ২৩ জুন থেকে দুবাইতে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া থেকে বিমান পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে।
