ক্যারিয়ারের শুরু থেকে নানা করণে আলোচনায় ইউটিউব ও ফেসবুক তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাকে নিয়ে আলোচনার ধারা এখনো অব্যাহত। এবার তিনি আলোচনায় বিমানে চড়ে একটি খতনা অনুষ্ঠানের দাওয়াতে রংপুরে গিয়ে।
শুক্রবার দুপুরে একটি বেসরকারি বিমান সংস্থার বিমানে চড়ে প্রথম সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে নামেন হিরো আলম। সেখানে তাকে ঘিরে ধরে সেলফি তোলেন ওই বিমানেরই কর্মকর্তা ও কর্মীরা। এরপর তিনি সৈয়দপুর থেকে গাড়িতে করে রংপুরে যান।
হিরো আলম গণমাধ্যমকে জানান, তানভীর নামে একজন ব্যবসায়ী তাকে নিজের ছেলের খতনা অনুষ্ঠানে বিমান ভাড়া করে নিয়ে যান। সেখানে তিনি সন্ধ্যা ৭টা পর্যন্ত পারফর্ম করেন। এরপর শুক্রবারই রাত ৯টার ফ্লাইটে আবার তিনি ঢাকায় ফিরে আসেন। ওই অনুষ্ঠানে সুকুমার বাউলও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বগুড়ার এরুলিয়া গ্রামের খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন হিরো আলম। সেখানে কেবল নেট ওয়ার্কের ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পরই তার ভাগ্য বদলাতে শুরু করে। এরপর তিনি নিজ অর্থে কিছু ফানি ও মিউজিক ভিডিও বানিয়ে ফেসবুক ও ইউটিউবে আপলোড করে ব্যাপক পরিচিতি পান।
সেই হিরো আলম ইতোমধ্যে দুটি সিনেমায়ও অভিনয় করেছেন। এছাড়া গত নির্বাচনে তিনি বগুড়া-৪ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করে ব্যাপক আলোচনায় আসেন। যদিও হেরে যান। বর্তমানে হিরো আলম বিভিন্ন ভাষায় গান গেয়ে এবং সেগুলো ফেসবুক ও ইউটিউবে পোস্ট করে মানুষকে বিনোদিত করছেন।
