তপুর গোলে আরও এক পয়েন্ট পেল বাংলাদেশ

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে গোল খাওয়ার পর খেলার প্রায় অন্তিম মুহূর্তে দেশের সিনিয়র ফুটবলার তপু বর্মনের দুর্দান্ত গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই সঙ্গে আরও একটি পয়েন্ট পেল জামাল ভূঁইয়া বাহিনী।

কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধপত্য বিস্তার করে আফগানরাই। তাদের আক্রমণভাগের একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে জামাল ভূঁইয়াদের রক্ষণভাগ।

ম্যাচের ২০তম মিনিটে ভালো সুযোগ পায় আফগানিস্তান। এ সময় আমির শারিফির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পাল্টালেও গোলরক্ষক আনিসুর রহমান জিকো পা দিয়ে আটকান। তিন মিনিট পর আহমেদ নাজেমের ক্রস দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে নেন জিকো।

৩১তম মিনিটে আফগানিস্তান অধিনায়ক ফারশাদ নুরের কাছের পোস্টে নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান জিকো। ফলে গোলশূন্যতে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে জেমি ডের শিষ্যরা। আক্রমণ আটকাতে লেফট-ব্যাক রহমত মিয়া একটু উপরে উঠে এসেছিলেন। পেছনের ফাঁকা জায়গা পাহারায় রাখতে পারেননি বিপলু আহমেদ। সতীর্থের পাস ধরে নাজেমের কাট ব্যাকে আমিরের প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেয়।

এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠা বাংলাদেশ গোলের সুবর্ণ সুযোগ পায় ৮০তম মিনিটে। মানিক মোল্লার লম্বা পাস ধরে আব্দুল্লাহর কিছুটা দুরূহ কোণ থেকে নেওয়া শট গোলরক্ষক ওয়াইস আজিজির পায়ে লেগে বাইরে যায়।

তবে চার মিনিট পর রাফির হেড বুক দিয়ে নামিয়ে নিয়ন্ত্রণে নিয়ে শরীরটা ঘুরিয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তপু। ফলে সমতায় ফেরে লাল-সবুজের পতাকাধারীরা। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে একটি করে পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে দুদল।