২০০৫ সালে রুপালি পর্দায় শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর পর আর পেছন ফিরতে হয়নি সাই পল্লবীকে। ২৯ বছর বয়সী এ অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের হার্টথ্রব নায়িকা।
২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেন পল্লবী। এর তিন বছর পর ২০১৭ সালে তেলেগু ভাষার ছবি ‘ফিদা’য় তার অভিনয় দর্শকদের মন জয় করে। চলচ্চিত্রের ক্যারিয়ারে একাধিকবার মোটা অংকের পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি একজন প্রখ্যাত প্রযোজক নতুন একটি ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন। মোটা অংকের পারিশ্রমিকও দেয়ার ইঙ্গিত ছিল। কিন্তু শুধুমাত্র চরিত্র পছন্দ হয়নি বলে রাজি হলেন না নায়িকা। ফিরিয়ে দিলেন লোভনীয় প্রস্তাব।
নায়িকা সাফ জানিয়ে দিয়েছেন, চরিত্র সলিড হলে তবেই যেন তার কাছে কাজের প্রস্তাব নিয়ে আসা হয়। এর আগে অনেকবার বিভিন্ন প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাবেও ‘না’ বলে দিয়েছিলেন তিনি।
দক্ষিণী এ নাযিকার কথায়- ‘আমি কমার্শিয়াল বিজ্ঞাপন করতে চাই না। সত্যিকারের চ্যারিটি করতে চাই। পারিশ্রমিক ছাড়া আমি অসংখ্য চ্যারিটি করেছি, অনেকেরই এ কথা জানা।’
