ফেরি থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬, আহত অর্ধশতাধিক

মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

ওসি জানান, এনায়েতপুরী নামে রো-রো ফেরিটি ৩ নম্বর ঘাটে ভিড়লে সেখানে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করতে নামতে যান। যাত্রীদের চাপে পাঁচজন অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। পরে একজনের মৃত্যুর খবর বিভিন্ন সূত্রে জানা যায়।

সূত্র : ঢাকা টাইমস