তাপপ্রবাহের মধ্যেই গতকাল বুধবার (২৮ এপ্রিল) দেশের দু-এক জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। ঢাকাসহ কোনো কোনো স্থানে বজ্রসহ বৃষ্টি হয়েছে গতকাল মধ্যরাতেও।
আজও দেশের দুই অঞ্চল ও পাঁচ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়বৃষ্টি আরো তিন দিন অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই ২৪ ঘণ্টা পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
