করোনা সংকটে ঘাটতি অক্সিজেন সরবরাহ দিবে আবুল খায়ের গ্রুপ

করোনাকালে ভারত থেকে রপ্তানি বন্ধের কারণে অক্সিজেনের যেটুকু ঘাটতি হবে তা মেটাবে দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ আবুল খায়ের। কর্মকর্তারা জানান, আপাতত প্রতিদিন ২০ টন অক্সিজেন সরবরাহ করা হবে। চাহিদা বাড়লে কারখানায় উৎপাদন করা ২৬০ টনের পুরোটাই দেয়া হবে হাসপাতালে।

করোনা সংকটে এখন বড় চাহিদার নাম অক্সিজেন। যা প্রয়োজন হচ্ছে জটিল রোগীদের জীবন বাঁচানোর জন্য। পাশের দেশ ভারতে অক্সিজেনের জন্য চলছে হাহাকার। দেশেও এমন পরিস্থিতি হলে সংকট কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে আছে উদ্বেগ।

তবে এরমধ্যেই স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি বলছে, দেশে অক্সিজেনের চাহিদার যেটুকু ঘাটতি ভারত থেকে আমদানির মাধ্যমে পূরণ করা হয় তা সরবরাহে প্রস্তুত তারা।

চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত আবুল খায়েরের অঙ্গ প্রতিষ্ঠান একেএস অক্সিজেন প্ল্যান্ট। যেখানে প্রতিদিন উৎপাদন হয় ২৬০ টন অক্সিজেন। সেখান থেকে আপাতত প্রতিদিন ২০ টন সরবরাহ করার কথা। চাহিদা বাড়লে প্রয়োজনে নিজেদের ব্যবহার বন্ধ রেখে পুরোটাই দেয়া হবে হাসপাতালে।

গতবছর ২০ টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে আবুল খায়ের গ্রুপ। এছাড়া ১০ হাজার সিলিন্ডার রিফিলের পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় ৫ হাজার সি’লিন্ডার অক্সিজেন।