৩৬৫ ভাষায় গান গাইবেন হিরো আলম

আরবি ভাষায় নতুন গান নিয়ে আসছেন হিরো আলম। বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজের ইউটিউব চ্যানেলে গানের টিজার প্রকাশ করেছেন। দু’তিন দিনের মধ্যে পুরো গানটি মুক্তি দেওয়া হবে।

তবে বিদেশি ভাষায় এই গানটি গেয়েই থেমে থাকবেন না হিরো আলম। বিশ্বের সব দেশের স্থানীয় ভাষায় অন্তত একটি করে গান গাইতে চান তিনি।

বাংলাভিশন ডিজিটালকে হিরো আলম বলেন, রমজান উপলক্ষে আরবি ভাষায় গানটি গেয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।

তিনি বলেন, আমার টার্গেট আছে ৩৬৫ দেশের ভাষায় একটা করে গান গাইবো। এরিমধ্যে হিন্দি, বাংলা, চীনা ভাষায় গেয়েছি। এবার আরবি ভাষায়ও গাইলাম।

হিরো আলম জানান, এই গানটি ছাড়াও রমজানে আরো বেশ কিছু কাজ করছেন তিনি। ঈদে তাঁর কয়েকটি নাটক এবং গান আসবে। এছাড়া সিনেমা হল খোলা থাকলে ঈদ উপলক্ষে নিজের প্রযোজিত দ্বিতীয় ছবি ‘টোকাই’ মুক্তি দেবেন।