পুলিশ দেখে যাত্রীর ওড়না হয়ে গেল ‘মাস্ক’!

করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে লকডাউন। সাতদিনের লকডাউনের প্রথম দিন ছিল সোমবার। এ দিন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানাতে সড়কে কঠোর অবস্থানে ছিল পুলিশ। যাত্রী ও পথচারীদের অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেলেও আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। স্বাস্থ্যবিধির বিন্দুমাত্র তোয়াক্কাও মেলেনি তাদের কাছে।

এমনই একটি ঘটনা ছবিসহ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি শামীম আনোয়ার। সহযাত্রীর বোরকায় তাহার অন্যরকম ‘মাস্ক’ শিরোনামে তিনি লিখেছেন, সিএনজিতে হাসিমুখে গল্প করতে করতে যাচ্ছিলেন তারা দুজন। মাস্ক নেই একজনের মুখেও। আমি থামার সংকেত দিতেই

মহিলাটি এতক্ষণ ধরে মুখের নিচে নামানো নিকাব দ্রুত উপরে উঠিয়ে মুখমণ্ডল ঢেকে ফেললেন। আমাদের মাস্ক সংক্রান্ত প্রশ্নবাণ থেকে আপাতত মুক্ত তিনি। কিন্তু পুরুষটি? তিনি কী করে নিজেকে বাঁচাবেন!

তার তো আর নিকাব বা এ ধরনের কিছু নেই। হাতের কাছে কোনো কিছু খুঁজে না পেয়ে অগত্যা নারী সহযাত্রীর বোরকার স্কার্ফ দিয়েই….! পুলিশের হাত থেকে বাঁচা ভীষণ জরুরি, করোনাভাইরাস থেকে নয় কিন্তু!