আরও একটা দুঃস্বপ্নের সিরিজ শেষ করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল, পুরো নিউজিল্যান্ড সফরেই দৃষ্টিকটু ছিল টাইগারদের ফিল্ডিং। একটা ম্যাচে হারের অন্যতম কারণও মিস ফিল্ডিং, তবে সেই মিস ফিল্ডিংয়ের কারণ হিসেবে নিউজিল্যান্ডের উজ্জ্বল আকাশকে দায়ী করেছেন নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড সফরে অন্তত ১১ টি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা, সবাই পাল্লা দিয়ে ছেড়েছে ক্যাচ। যার ফল সিরিজের ফলাফলেও দেখা যাচ্ছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে টাইগাররা। অপ্রত্যাশিত ফল না হলেও দলের ফিল্ডিংয়ে হতাশ সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক সবাই।
দেশে ফিরে দলের ক্যাচ মিস নিয়ে কথা বলেছেন নাসুম আহমেদ। তিনি বলেন, “দেড়-দুই মাস থাকলে আমাদের ফিল্ডিংয়ে উন্নতি হতো। ওখানের আকাশ অনেক পরিষ্কার, ওখানের আবহাওয়া আমাদের মতো না। পুরোপুরি আলাদা, আমাদের একটু সময় লাগত। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো।”
ম্যাচ জিতলে এত কথা হতো না বলেই মনে করেন নাসুম, “সত্য কথা বললে আমাদের দ্বারা হয় নাই। আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমরা ম্যাচ জিতব, কিন্তু হয়নি। এজন্য এত কথা, তারপরও আমরা চেষ্টা করছি। আমি প্রথমেই বললাম, আমরা পারতাম, আমাদের দ্বারা হয়নি।
