করোনা মহামারির মোকাবিলায় আগামী সোমবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করছে সরকার। তবে এ অবস্থায় দেশের বিমানবন্দরগুলো খোলা এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকতে পারে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনে আরও কঠোর হবে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, এ বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।
বেবিচক সূত্রে জানা গেছে, লকডাউনের বিষয়ে সরকারি নির্দেশনার প্রজ্ঞাপন দেখে আলোচনায় বসবে বেবিচক। তারা পরবর্তী করণীয় ও নতুন নির্দেশনা প্রস্তুত করবে। তবে গত বছরের মতো বিমানবন্দর ও ফ্লাইট চলাচল বন্ধ থাকার সম্ভাবনা কম। স্বাস্থ্যবিধি সংক্রান্ত কঠোর নির্দেশনা আসতে পারে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। ১ জুন থেকে নানা বিধিনিষেধ আরোপ করে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনারও অনুমতি দেয় বেবিচক।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথমজনের মৃত্যু হয়। সর্বশেষ চলতি বছরের ২ এপ্রিল পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৯ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন।
