রাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সিলেট বিভাগের জেলা সমূহে মঙ্গলবার দিবাগত রাতেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯টার আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, দেশের গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।