পুলিশের লাঠিচার্জে বিএনপির সমাবেশ পণ্ড, আহত ৯

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে নয় নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাবু, ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাবুল হোসেন গাজী, বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফারুক হোসেন, জেলা বিএনপির সদস্য আবদুল হালিম, কাজী ফজলুল কবীর টিটো,

আলাউদ্দিন তালুকদার, মোতাহার হোসেন, মিজানুর রহমান মিজান ও শফিকুল ইসলাম শাহিন।বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে তারা নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন।

এরপরই পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে তাদের নয়জন নেতাকর্মী আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু পুলিশের এই হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।