বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশটির শীর্ষ নেতারা। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় সৌদি আরব।
সৌদি আরবের বাদশা ও যুবরাজ এবং রাজপরিবারের সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগমুহূর্তে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ওই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
এতে বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি এ দেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানানো হয়।
এদিকে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান।
সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উদযাপনকে মহান ও সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, একই বছরে একই সঙ্গে দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠান উদযাপন করছে বাংলাদেশ, ইতিহাসে এ ঘটনা বিরল।
এ উপলক্ষে বাংলাদেশের জন্য আশীর্বাদ জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা অর্জনে আপসহীন সংগ্রাম এবং ত্যাগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাই আমি। সেইসঙ্গে দোয়া করছি, মহান আল্লাহ তাআ’লা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
