রাত ৮টার ম‌ধ্যে সব দোকানপাট বন্ধের আহ্বান

করোনা ভাইরাসের সংক্র’মণ বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৪ মার্চ) দুপুরে নগরীর গোপীবাগস্থ বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তি‌নি এ আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করবো। যেহেতু করোনা মহামারিতে আবার সংক্র’মণ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং, রাত ৮টার মধ্যে অবশ্যই সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’

এ প্রসঙ্গে তাপস আরও বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই, রাত ৮টার মধ্যে সব বন্ধ করে দেয়া হোক। তাহলে সংক্র’মণও কমে আসবে। আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।’

এসময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, মো. খায়রুল বাকের উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা মহামারির প্রাদুভাবে গেল বছরের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে। সংক্র’মণ ও মৃত্যু বাড়াতে থাকায় পরে দফায় দফায় এ ছুটি বাড়ানো হয়। ছুটিকালীন সীমিত পরিসরে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট, হোটেল, ও ফার্মেসি খোলা রাখা হয়। চলাচলে চলে বিধিনিষেধ। নতুন করে করোনা সংক্র’মণ বৃদ্ধি পাওয়ায় গেল কিছুদিন ঘরেই আবারও সাধারণ ছুটি ঘোষণা করা হবে কিনা, এ নিয়ে জনমনে গুঞ্জন রয়েছে। এরইমধ্যে দোকানপাট সীমিত পরিসরে খোলার ইঙ্গিত এলো ডিএসসিসি মেয়রের পক্ষ থেকে।