অভিনেতা ইমরান হাশমিকে বলিউডের ‘সিরিয়াল কিসার’ নামেই চেনেন তার সকল ভক্তরা। ক্যারিয়ারে বেশ কয়েকটি ছবিতে তাকে ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে দেখা গেছে। চুমু খাওয়ার দৃশ্য নেই, ইমরান হাশমির এমন ছবি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নায়ককে ঘনিষ্ঠ দৃশ্যে দেখে তার স্ত্রীর প্রতিক্রিয়া কী হতো?
ইমরান হাশমিকে একাধিক বার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কিন্তু অভিনেতা তার বাস্তব জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করতেন। কখনোই তার ‘ঘর কি কাহানি’ জানতে দেননি অনুরাগীদের। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার দাম্পত্যের গোপন একটি ঘটনা ফাঁস করলেন ইমরান।
তিনি জানান, তাকে ঘনিষ্ঠ দৃশ্যে মেনে নিতে পারেননি তার স্ত্রী পারভীন। ইমরান সেটা বুঝেই সে সম্পর্কে কিছু বলতেন না স্ত্রীকে। কেবল ছবির গল্পটুকু বলতেন। ‘মার্ডার’ ছবির প্রিমিয়ারে বসে চমকে গিয়েছিলেন পারভিন। মালাইকা শেরওয়াতের সঙ্গে ইমরানের ওরকম ঘনিষ্ঠ দৃশ্যের জন্য প্রস্তুত ছিলেন না তিনি।
শুধু পারভিন কেন, সে সময় বলিউডে সাহসী দৃশ্য নিয়ে নাক সিঁটকানো ছিলই। তাই পারভিন বলেছিলেন, ‘এগুলো কী করছো তুমি? এটা আর যা-ই হোক, বলিউডের ধাঁচ নয়।’ শুধু তাই নয়, ইমরানের হাত খিমচে ধরেছিলেন তিনি। রক্ত বেরিয়ে গিয়েছিল অভিনেতার হাত থেকে। নখের দাগ রয়ে গিয়েছিল বহুদিন।
ইমরান জানান, তারপর থেকে বোঝাপড়া করে নিয়েছিলেন দুজনে। পর্দায় অন্য নারীকে চুমু খাওয়া হোক বা ঘনিষ্ঠ হওয়া, স্বামীকে সেভাবে দেখতে যখন অসুবিধা পারভিনের, তখন স্ত্রীকে মানিয়ে নেওয়ার নতুন পদ্ধতি অবলম্বন করেছিলেন ইমরান।
কী সেই নতুন পদ্ধতি, তাও জানিয়েছেন বলিউডের একসময়ের ‘সিরিয়াল কিসার’। অভিনেতা জানান, তিনি স্ত্রীকে শপিং করাতে নিয়ে যেতেন। পছন্দ মতো পোশাক কিনে দিতেন। ব্যাস, সেই থেকে নতুন সমীকরণে চলছে তাদের সংসার।
