সম্প্রতি সাকিব আল হাসানের এক মন্তব্যে দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত। গেল শনিবার এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বিসিবির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন সাকিব। যা দেশের ক্রিকেটপাড়ায় আলোচনার ঝড় তোলে। গতকাল (২১ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করে ওই বিষয়ে আলোচনা করেছেন তিন পরিচালক আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, মাহবুব আনাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সাকিবের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। এমনকি আইপিএলের এনওসি পুনর্বিবেচনার কথাও বলেছেন তারা। তবে এ নিয়ে খুব একটা ভাবনায় নেই সাকিব। এত আলোচনার মাঝেও যেন চাপমুক্ত সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ক্রিকেটার।
এরইমধ্যে আইপিএলে অংশ নিতে বিসিবির কাছে ছুটি চেয়ে সাকিবের লেখা সেই চিঠি প্রকাশিত হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএলে খেলতে চেয়ে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব এমন প্রশ্ন তুললেও চিঠিতে ‘শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে চাই না’ কোথাও উল্লেখ নেই এই কথা।
পাঠকদের জন্য সাকিবের লেখা চিঠিটি তুলে ধরা হলো-
বরাবর
প্রধান নির্বাহী
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
মিরপুর, ঢাকা।
বিষয়: আইপিএল ২০২১ এ খেলার অনুমতি চেয়ে আবেদন।
জনাব,
আমি, সাকিব আল হাসান যথাযথ বিনয়ের সঙ্গে এই কথাটি জানাতে চাই যে, আমরা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়া আমাকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতির সেরা সুযোগ দেবে। আমি অবহিত আছি যে, আইপিএল যখন হবে, বিসিবি একই সময়ে শ্রীলঙ্কায় একটি সফর আয়োজন করার পরিকল্পনা করছে।
সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
সাকিব আল হাসান
ক্রিকেটার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
