সম্প্রতি ইতিহাস তৈরি করে প্রথমবারের মত এক ট্রান্সজেন্ডার নারীকে সংবাদ উপস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে বৈশাখী টেলিভিশন। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দুপুরে প্রথমবারের মত বৈশাখী টেলিভিশনে তাসনুভা আনান শিশির নামের ওই রূপান্তরিত নারী সংবাদ পাঠ করবেন।
নিজের এই অর্জনে আনন্দিত তাসনুভা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘নিয়োগ পাওয়ার খবরটি শুনেই আমি কেঁদেছিলাম। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বৈশাখী পরিবারের প্রতি আমি চির কৃতজ্ঞ।’
তাসনুভা এসময় আরও জানান, শারীরিক সীমাবদ্ধতার জন্য ছোটোবেলা থেকেই তাকে লড়াই করতে হয়েছে। স্কুল-কলেজে অসংখ্যবার হয়রানির শিকার হয়েছেন, মানুষের হাসির পাত্র হয়েছেন। এমনকি তার তেমন কোনো বন্ধুও ছিলো না। তবে তিনি থেমে যান নি।
এদিকে শুধুমাত্র তাসনুভাই নন, তাসনুভার নিয়োগে আনন্দিত বৈশাখী টেলিভিশন পরিবারও। বৈশাখী টেলিভিশনের জনসংযোগ কর্মকর্তা দুলাল খান বলেন, ‘নারী দিবসকে কেন্দ্র করে একজন বিশেষ নারীকে দিয়ে আমরা সংবাদ বুলেটিন করব। এটা বেশ ভালো লাগার। আমরা খুশি। আমরা চাই নারীরা এগিয়ে যাক, বিশেষ করে সমাজের অবহেলিত নারীরা।”
