প্রথম ইনিংসে ভারতের পুঁজিটা খুব বড় ছিল না। স্বাগতিক দলকে ৩২৯ রানেই আটকে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এই রানের জবাব দিতে গিয়েও রীতিমত হিমশিম খেয়েছে জো রুটের দল।
চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৩৪ রানেই গুটিয়ে গেছে ইংলিশরা। ফলে ভারত পেয়েছে ১৯৫ রানের বড় লিড। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিনা উইকেটে ৩৭ রান তুলেছে ভারত, এগিয়ে ২৩২ রানে।
এর আগে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি জাদুতে নাকাল হয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। শুরু থেকেই ধুঁকতে থাকে সফরকারি দল। একটা পর্যায়ে ১০৬ রানে হারিয়ে ফেলে ৮ উইকেট। দলের এই বিপর্যয়ের মাঝে একটা প্রান্ত ধরে ছিলেন বেন ফোকস।
সাত নম্বরে নামা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত থঅকেন ১০৭ বলে ৪২ রানে। বাকিদের কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। অলি পোপ ২২ আর বেন স্টোকস করেন ১৮ রান।
ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন ৪৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট ইশান্ত শর্মা আর অক্ষর প্যাটেলের।
