করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী দুই সপ্তাহের জন্য মসজিদভিত্তিক সব ধরনের অনুষ্ঠান ও জনসমাগম স্থগিত করেছে বাহরাইন। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে বলে জানিয়েছে বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ।
তাদের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবারের জুমার নামাজে সীমিত সংখ্যক লোক উপস্থিত থাকবেন। এছাড়া আহমদ আল ফাতেহ ইসলামিক সেন্টার থেকে অনলাইনে জুমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে।
দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৮৮ হাজার সাতজন এবং ১০ লাখ ২২ হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন।
করোনা বিষয়ক জাতীয় চিকিৎসা বিশেষজ্ঞদের নির্দেশনায় বাহরাইনের জাস্টিস, ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড অ্যান্ডোম্যান্টস বিষয়ক মন্ত্রণালয় দুই সপ্তাহের জন্য দেশটির মসজিদগুলো সাময়িক বন্ধ ঘোষণা করে।
এর আগেও, গেল বছরের মার্চ মাসে লোক সমাগম কমাতে শুক্রবারের পবিত্র জুমার নামাজ বন্ধ ঘোষণা করেছিলো বাহরাইন। তবে সেখানে দিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারতো মুসল্লিরা।
