মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন দীঘি। এরপর বেশ কিছু চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে ঢালিউডের জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে সবার নজর কাড়েন। সেই ছোট্ট দীঘি এখন ষোলকলা যুবতী। এখন পুরোদস্তুর নায়িকা খেতাব পেয়ে গেলেন ‘চাচ্চু’ কিংবা ‘দাদী মা’ খ্যাত এই অভিনেত্রী।
গত সোমবার (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছ তুমি নেই’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ ছবিটি আগামী ১২ মার্চ মুক্তি পাবে।
নায়িকা হিসেবে দীঘির এটি দ্বিতীয় ছবি। তার প্রথম ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সেই ছবিটি এখনও সেন্সর ছাড়পত্র পায়নি।
প্রথম ছবি ছাড়পত্র পাওয়া নিয়ে দীঘি বলেন, ‘এক অদ্ভূত ভালো লাগা কাজ করছে। শিশুশিল্পী হিসেবে প্রায় ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছি। শিশুশিল্পী হিসেবে সেন্সর ছাড়পত্রের খবর পেতাম, কিন্তু তখন বুঝতাম না। এখন বুঝি কতটা আনন্দের খবর এটি।’
‘তুমি আছ তুমি নেই’ ছবিতে দীঘির নায়ক হিসেবে রয়েছেন আসিফ ইমরোজ। এছাড়াও ছবিটিতে অমিত হাসান, সুব্রত চক্রবর্তী ও শবনম পারভীনকে দেখা যাবে।
গ্রামীণফোনের ‘বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না’ বিজ্ঞাপনের মধ্য দিয়ে শোবিজে আসেন ছোট্ট দীঘি। এর পর শিশুশিল্পী হিসেবে ‘লীলা মন্থন’, ‘দ্য স্পিড’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘রিকসাওয়ালার ছেলে’, ‘অবুঝ শিশু’, ‘১ টাকার বউ’, ‘বাবা আমার বাবা’, ‘সাজঘর’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘কাবুলিওয়ালা’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন দীঘি।
দীঘির মা প্রয়াত দোয়েল ও বাবা সুব্রত দুজনই চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। বাবা-মায়ের দেখানো পথ ধরেই ঢালিউড নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেন দীঘি।
