দেশে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কয়েক দিনের বিরতিতে চলমান শৈত্যপ্রবাহটি মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে এবারের তীব্রতা মাসের শুরু দিকের চেয়ে কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বুধবারও অব্যাহত থাকবে। তবে শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় বুধবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা কিছুটা বাড়তে পারার সম্ভাবনা রয়েছে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা কিছুটা পরিবর্তনের আভাসও দিয়েছে দফতরটি।
