আইসোলেশনে তামিম, করোনা পরীক্ষায় বিশেষ ব্যবস্থা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ দলের লড়াই। তার আগে টুর্নামেন্ট শুরুর তোড়জোড় শুরু হচ্ছে আগামীকাল (শুক্রবার) থেকে, সব দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষার মাধ্যমে।

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের খেলোয়াড়দের করোনা পরীক্ষা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) একাডেমি ভবনে হবে সব দলের খেলোয়াড়দের নমুনা সংগ্রহ।

তবে এক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করা হয়েছে তামিম ইকবালের জন্য। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ খেলে বুধবার রাতে দেশে ফিরেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। নিয়ম মেনে এখন তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

যে কারণে শুক্রবার সশরীরে বিসিবি একাডেমি ভবনে গিয়ে তার পক্ষে করোনা পরীক্ষার নমুনা দেয়া সম্ভব নয়। তাই বিসিবি তামিমের জন্য করেছে বিশেষ ব্যবস্থা। শুক্রবার সকালে তামিমের বাসায় গিয়ে সংগ্রহ করা হবে নমুনা। এ পরীক্ষার ফল নেগেটিভ এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

এদিকে বাকি সবাইকে বিসিবি একাডেমি ভবনে গিয়েই নমুনা দিতে হবে। সকাল ১০টায় হবে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল, বেলা ১১টায় হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা এবং সবশেষ দুপুর ১২টায় হবে মিনিস্টার গ্রুপ রাজশাহীর ২৫ সদস্যের নমুনা সংগ্রহ।

পরে শুক্রবার রাতেই জানিয়ে দেয়া হবে সবার করোনা পরীক্ষার ফল। এ পরীক্ষায় নেগেটিভ ফল আসা সবাই শনিবার টিম হোটেলে চেকইন এবং অনুশীলনে যোগ দিতে পারবে। ফলাফল পজিটিভ এলে থাকতে হবে বাধ্যতামূলক আইসোলেশনে।

আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল লড়বে জেমকন খুলনার বিপক্ষে।