পাকিস্তানের সঙ্গে আমাদের অনেক কিছুই মিল আছেঃ তামিম

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অনেক কিছুই মিল আছে বলেছেন তামিম ইকবাল…….

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গেছেন তামিম ইকবাল। তবে এবার একটু ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে। করোনার কারণে থাকতে হচ্ছে ‘বায়ো-সিকিউর বাবলে’।

বন্দিদশা, চাইলেই ঘুরতে বা বেড়াতে বের হতে পারছেন না। তারপরও পাকিস্তানের পরিবেশ খুব উপভোগ করছেন তামিম। পরিবেশ-পরিস্থিতি কিংবা দর্শকদের উৎসাহ-উদ্দীপনা, বাংলাদেশের সঙ্গে অনেক কিছুই মিল পাচ্ছেন টাইগার ওপেনার।

পিএসএলের পঞ্চম আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তামিম। প্লে-অফে দুই ম্যাচেই মোটামুটি দলের জয়ে অবদান রেখেছেন। এক ম্যাচে ১০ বলে ১৮ আরেক ম্যাচে ২০ বলে ৩০ রানের ঝড় তুলেন বাঁহাতি এই ওপেনার। লাহোরও দুটি ম্যাচ জিতে নাম লিখিয়েছে ফাইনালে।

এবার করোনার কারণে খেলার বাইরে হোটেলেই সময় কাটাতে হচ্ছে বেশি। তারপরও সময়টা উপভোগ করছেন তামিম। ‘ক্রিকেটপাকিস্তান’কে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান এবং সেই দেশের ক্রিকেট ভক্তদের উচ্ছ্বসিত প্রশংসাই করলেন এই ওপেনার।

তামিম বলেন, ‘আমি সবসময়ই পাকিস্তানে আসা উপভোগ করি। এবার অবশ্য একটু অন্যরকম। বাবলের কারণে আমাদের হোটেলেই থাকতে হচ্ছে।

নির্দিষ্ট কিছু জায়গার বাইরে যেতে পারছি না। এটা খুব একটা স্বস্তির নয়, তবে আমাদের তো নিয়ম মানতেই হবে। পাকিস্তান দারুণ একটি দেশ, আমাদের দেশের সঙ্গে অনেকটাই মিল। এখানে অনেক ক্রিকেট ভক্ত আছে, খেলাটার প্রতি যারা আবেগী।’

তামিম বলেন, ‘মাঠে দর্শক ছাড়া খেলা কিছুটা আলাদা অনুভূতি। কেননা বাউন্ডারি হলে কিংবা উইকেট পড়লে চিৎকার

করার কেউ নেই। কিন্তু জীবন চলবেই। মানুষের নিরাপত্তার জন্য আমাদের এভাবেই চালিয়ে যেতে হবে। তবে এখন অন্ততপক্ষে তারা টিভিতে ক্রিকেট দেখতে পারছে, এটাই বা কম কিসে!’