কমলার স্বামী যুক্তরাষ্ট্রের প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস-প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। ফলে বিরল এক নজির গড়তে যাচ্ছেন তার স্বামী ডগ এমহফও।

হোয়াইট হাউসের ইতিহাসে প্রথমবারের মত ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হতে চলেছেন কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ।

জানা গেছে ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। উভয়ের বয়স ৫৬ বছর। ভারতীয় বংশোদ্ভূত মায়ের সন্তান কমলার এটি প্রথম বিয়ে হলেও শ্বেতাঙ্গ এমহফের দ্বিতীয় বিয়ে।

এবারই প্রথম হোয়াইট হাউসের ইতিহাসে ভাইস-প্রেসিডেন্ট ও সেকেন্ড জেন্টলম্যান পদে প্রথম মিশ্র বর্ণের কোনো দম্পতিকে দেখা যাবে।

স্ত্রী কমলা ভাইস-প্রেসিডেন্ট হওয়ায় এমহফের নতুন পরিচিতি হবে যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড হাসবেন্ড’, উপাধিটা ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হিসেবে বেশি পরিচিত। তবে এই দুয়ের মধ্যে এমহফ কোনটি বেছে নেবেন তা এখনো ঠিক করা হয়নি।

এবারের নির্বাচনে এমহফকে সরাসরি কার্যক্রমে দেখা না গেলেও স্ত্রী কমলার প্রচারণায় তিনি ‘গোপন অস্ত্র’ হিসেবে কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি ছাড়াও প্রতিষ্ঠিত একজন আইনজীবী তিনি। গণমাধ্যম, ক্রীড়া ও বিনোদন বিষয়ক আইনে বিশেষ পারদর্শিতা রয়েছে তার।