বাংলাদেশকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করেছে ভারত। গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরে বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই লোকোমোটিভগুলো হস্তান্তর করা হয়।
নয়া দিল্লির পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং রেল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ঢাকাকে লোকোমোটিভগুলো হস্তান্তর করেন। আর ঢাকার পক্ষে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন লোকোমোটিভগুলো গ্রহণ করেন।
সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নয়া দিল্লি ঢাকাকে এই সহায়তা করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ভারতীয় হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকারের অনুদান সহায়তায় এই লোকোমোটিভগুলো হস্তান্তর করা হয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের প্রয়োজনীয়তা অনুসারে লোকোমোটিভগুলো যথাযথভাবে পরিবর্তন করা হয়েছে। এই লোকোমোটিভগুলো বাংলাদেশে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে রচিত ভারত ও বাংলাদেশের মধ্যকার কালোত্তীর্ণ সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন। কোভিড-১৯ মহামারিতেও দ্বিপাক্ষিক সহযোগিতার গতি হ্রাস না পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এস জয়শঙ্কর।
জয়শঙ্কর বলেন, ‘ চলমান ঐতিহাসিক মুজিববর্ষে এই জাতীয় আরও মাইলফলক অতিক্রম করার প্রত্যাশা করছি।’
ভারতের রেলপথ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে রেল সহযোগিতার তাৎপর্য তুলে ধরেন।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে স্থলসীমান্ত দিয়ে বাণিজ্য বাধাগ্রস্থ হওয়ায় ভারত ও বাংলাদেশ কোভিড-১৯ মহামারির প্রভাব হ্রাস করতে রেল সহযোগিতা আরও বৃদ্ধি করেছে। ব্যয় সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বাহন হিসাবে রেল আন্তঃসীমান্ত পণ্য পরিবহনে সহায়তা করেছে।
জুন মাসে দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি মালবাহী ট্রেন চলাচল হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় পণ্য এবং কাঁচামাল বহনের জন্য মোট ১০৩টি মালবাহী ট্রেন ব্যবহৃত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে পার্সেল এবং কনটেইনার ট্রেন পরিষেবাও শুরু হয়েছে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
