দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। অবশেষে ক্যান্সারের কাছে পরাজিত হয়ে দয়ালের ডাকে সাড়া দিলেন তিনি। সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় মারা গেছেন এই খ্যাতিমান শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে সোমবার সন্ধ্যায় তাঁর শারিরীক অবস্থার অবনতির কথা জানিয়েছিলেন তাঁর স্ত্রী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।
এমন অবস্থায় বেঁচে ওঠার আশা করতে পারছেন না জানিয়ে এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছিলেন, ‘এখন কিশোর কোনো কথা বলেনা। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আমি বলি কী ভাবছো? বলে কিছু না, পুরানো কথা মনে পড়ে, আর ঈশ্বরকে বলি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, বেশি কষ্ট দিওনা।’
