করোনা রোগীদের চিকিৎসায় নোয়াখালী করোনা হাসপাতালের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজস্ব তহবিল থেকে দুই সেট আইসিইউ-ভেন্টিলেটর দিয়েছেন।
সোমবার দুপুরে ঢাকায় তার সরকারি বাসভবনে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নিকট ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন তিনি।
এসময় তিনি সরকারের পাশাপাশি একরামুল করিম চৌধুরী এমপির মত জেলার সামর্থ্যবানদেরকেও জেলার মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এ ভেন্টিলেটর দুটি নোয়াখালী সিভিল সার্জনের নিকট পৌঁছে দেয়া হবে। যা দ্রুততম সময়ের মধ্যে রোগীদের সেবায় ব্যাবহার করতে হবে।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নোয়াখালীতে কোনো আইসিইউ নাই। এই ভেন্টিলেটর গুলি বসাতে আরও অনেক যন্ত্রপাতি লাগবে। সে ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরে চাহিদা দেয়া হবে। যন্ত্রপাতি পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে এটা কি কবিরহাট হাসপাতালে নাকি জেনারেল হাসপাতালে বসানো হবে। কক্ষ ঠিক করে ভেন্টিলেটর বসানো হবে বলে তিনি জানান।
