সুস্থ আছেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজার দুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হলেও এখন পর্যন্ত ভালো আছেন।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন খবর উড়িয়ে দিয়ে তার পারিবারিক সূত্র জানিয়েছেন, তিনি এখনও শারিরিকভাবে সূস্থ আছেন।

মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভাইয়া (মাশরাফির) শারীরিকভাবে সুস্থ আছেন। যদিও তিনি অনেক দিন ধরে অ্যাজমার সমস্যায় ভূগছেন। এ নিয়ে আমরা চিন্তিত। কেননা অ্যাজমার রোগীদের জন্য করোনাভাইরাস অনেক বেশি মারাত্মক। তবে তিনি ভালো আছেন। তার সামান্য কাশি ও জ্বর ছাড়া তেমন কোনো লক্ষণ নেই।’

মাশরাফি ছাড়াও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে জাতীয় দলের সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল এবং জাতীয় দলের বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে, নাজমুল ইসলামের বাবা-মারও করোনাভাইরাস ধরা পড়েছে। তার মায়ের অবস্থা ভালো হলেও তার বাবার হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতা থাকায় তিনি কিছুটা সংকটাপন্ন।

বাংলাদেশে সোমবার পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এবং ১৫০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।