আমিরাত থেকে ফিরলেন ১৬০ বাংলাদেশি

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকাপড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের সঙ্গে একজন শিশুও আছে।

প্রায় তিন মাসের অধিক সময় আকাশপথে বিমান যোগাযোগ চালুর পর আমিরাত থেকে এই প্রথম ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। সোমবার সকালে তারা দেশে ফেরেন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম ঢাকাটাইমসকে বাংলাদেশিদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে। কামরুল ইসলাম বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আটকাপড়া ১৬০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে ইউএন-বাংলা এয়ারলাইনস। এদের সঙ্গে এক শিশু ছিল। সোমবার ভোর ৪টায় ফ্লাইটটি বাংলাদেশিদের নিয়ে রওনা হয়। আর আজ ১০টা ৫৮ মিনিটে ফ্লাইইটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।’

বিমানবন্দর সূত্রে জানা যায়, দেশে ফেরা এসব বাংলাদেশির প্রত্যেকেরই করোনামুক্ত সার্টিফিকেট থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে অনেক বাংলাদেশি আমিরাতে আটকা পড়েছে। সরকার পর্যায়ক্রমে সব বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসবে।