ইতালিতে আবার বাড়ল প্রাণহানি

করোনাভাইরাসে মৃত্যুপুরী ইতালিতে গত কয়েকদিন প্রাণহানির সংখ্যা কমতে থাকার পর বৃহস্পতিবার আবার বেড়েছে। এ দিন প্রাণহানির সংখ্যা ২৬২ জন। এ সংখ্যা বুধবারের চেয়ে ৬৭ জন বেশি। গত কয়েকদিন যাবত প্রাণহানির সংখ্যা ছিল ২০০ এর নিচে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৩৬৮ জনে।

বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৭৪৭ জন। নতুন আক্রান্ত ৯৯২ জন। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে কয়েকশ’ মানুষ। গত দুই মাসের বেশি সময় ধরে এই দৃশ্য দেখছে ইতালির মানুষ। তবে সম্প্রতি মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমে আসায় কিছুটা আশা দেখছিল ইউরোপের এই দেশটির বাসিন্দারা।

দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৮৮৫ জন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিয়াত্তর হাজার ৪৪০ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ২৩ হাজার ৯৬ জন বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা সংস্থা।

দেশটির মানুষকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানায় সংস্থাটি। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ১৫ হাজার ২৮৮ জন। মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইতালিতে অনেক বেশি।

প্রায় দুই মাস লকডাউনের কারণে দেশটির অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতেই লকডাউন শিথিল করা হয়েছে এবং লোকজন কাজে ফিরতে শুরু করেছে। তবে দেশটিতে বাইরে ঘোরাফেরা এবং কাজের স্থানে প্রত্যেক নাগরিকের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।