দেশের কোথায় কতজন করোনা সংক্রমিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যেন লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৮ জন। তার আগের দিন শনাক্ত হয় মাত্র ৯ জন। আজ সোমবার দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে দেশে নতুন সংক্রমণের সর্বশেষ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে তিনজন। মোট মৃতের সংখ্যা ১২। এলাকাভিত্তিক বিশ্লেষণে ঢাকায় (ঢাকা শহর) রয়েছে সর্বোচ্চ ৬৪ জন। এর পরবর্তী নারায়ণগঞ্জে ২৩ জন। মোট ১৫টি জেলায় করোনা রোগী পাওয়া গেছে।

১২৩ রোগীর মধ্যে ১২১ জনের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

ঢাকা মহানগরী- ৬৪ জন

ঢাকা জেলা- ৪ জন

নারায়ণগঞ্জ- ২৩ জন

মাদারীপুর- ১১ জন

চট্টগ্রাম- ২ জন

গাইবান্ধা- ৫ জন

চুয়াডাঙ্গা- ১ জন

কুমিল্লা- ১ জন

কক্সবাজার- ১ জন

নরসিংদী- ১ জন

রংপুর- ১ জন

শরীয়তপুর- ১ জন

সিলেট- ১ জন

গাজীপুর-১ জন

জামালপুর ৩ জন ও

মৌলভীবাজারে ১ জন পাওয়া গেছে।

এ ছাড়া ৩৫ জন রোগীর মধ্যে ৪১-৫০ বছর বয়সের মধ্যে ১১ জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন। ৩০ জন পুরুষ, পাঁচজন নারী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ রিকভার করেনি অর্থাৎ রিকভার সংখ্যা ৩৩ জন বলে জানান ফ্লোরা।

এদিকে, সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। দেশে নতুন করে আরও ২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানান তিনি।