করোনা মোকাবিলায় নতুন ‘অস্ত্র’ আবিষ্কারের দাবি চীনের সরকারি গণমাধ্যমে

করোনাভাইরাস মোকাবিলার নতুন হাতিয়ার আবিষ্কারের দাবি করেছে চীনের বিজ্ঞানীরা যা প্রকাশ করেছে চীনের সরকারি সংবাদপত্র। বিশ্বব্যাপী আতঙ্কের নাম করোনাভাইরাস বা কোভিড-১৯। বিশ্বে প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসের কোনও প্রতিরোধক বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা শুধুমাত্র সচেতনতা অবলম্বন এবং লক্ষণ অনুযায়ী চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। করোনার হাত থেকে বাঁচার জন্য সারা বিশ্ব হন্য হয়ে খুঁজছে প্রতিষেধক। বিশ্বব্যাপী যখন এই ভাইরাসে নাকাল ঠিক সেই মুহূর্তে করোনাভাইরাস মোকাবিলার হাতিয়ার প্রস্তুত বলে জানিয়েছে চীন।

ইউরোপের দেশগুলো যখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে মাত্র তিনমাসে আক্রান্ত ও মৃতের হার নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এ কারণে অনেকেরই সন্দেহ চীন করোনা মোকাবিলার পথ খুঁজে পেয়েছে। সম্প্রতি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ এর এক ট্যুইটেই আশার আলো দেখছে বিশ্ব।

চীনের এ সংবাদপত্র তাদের ট্যুইটে উল্লেখ করেছে, ‘করোনা মোকাবিলার হাতিয়ার প্রস্তুত।’ চীনের গবেষকদের দাবি এই ওষুধ প্রয়োগে ৯৬ দশমিক ৫ শতাংশ থেকে ৯৯ দশমিক ৯ শতাংশ সাফল্য পাওয়া গেছে।

সূত্রঃ সময়ের কন্ঠস্বর