কঙ্গো প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকিম ইয়োম্বি ওপাঙ্গো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার ফ্রান্সে মারা গেছেন। তার পরিবারের বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এ খবর জানায়।
৮১ বছর বয়সী ওপাঙ্গো কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার আগে অন্য অসুখে ভুগছিলেন বলে জানান তার ছেলে জ্যা-জ্যাকস। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
১৯৩৯ সালে কঙ্গোর উত্তর কুভেত্তে অঞ্চলে জন্ম নেওয়া ওপাঙ্গো আর্মি অফিসার ছিলেন। প্রেসিডেন্ট মারিয়েন এনগৌবি নিহতের পর রাষ্ট্রক্ষমতায় বসেন তিনি।
তেলসমৃদ্ধ ফ্রান্সের সাবেক উপনিবেশ দেশটি এনগৌবির ১৯৬৮ থেকে ১৯৭৭ সালের শাসনামলে সোভিয়েত ইউনিয়নের জোটভুক্ত ছিল। দীর্ঘদিনের শাসক ডেনিস সাসো এনগুয়েসো ক্ষমতাচ্যুত করেন ওপাঙ্গোকে। এনগুয়েসোর বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জেল খাটতে হয় ওপাঙ্গোকে।
মধ্য আফ্রিকান দেশটিতে ১৯৯১ সালে বহু দলীয় রাজনীতির আবির্ভাব ঘটানো জাতীয় সম্মেলনের আগে মুক্তি পান ওপাঙ্গো। র্যালি ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। তবে ১৯৯২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান।
প্রেসিডেন্ট প্যাসকাল লিসোবার সঙ্গে যুক্ত হয়ে ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কঙ্গোর প্রধানমন্ত্রী হন। ১৯৯৭ সালে কঙ্গোয় গৃহযুদ্ধ শুরু হলে ফ্রান্সে নির্বাসনে যান ওপাঙ্গো। ২০০৭ সালে দেশে ফিরতে পারলেও অসুস্থতার কারণে ফ্রান্স ও কঙ্গোতে ভাগাভাগি করে থাকতেন ওপাঙ্গো।
চীনের উহানে উৎপত্তি হওয়া করোনায় এ পর্যন্ত ৭ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে পুরো বিশ্বে, মারা গেছে প্রায় ৩৮ হাজার। সুস্থ হয়ে ফিরে গেছেন ১ লাখ ৬৬ হাজারে বেশি মানুষ। সূত্র- ডেইলি নেশন, এএ ডটকম
