সৌদি আরবে ক্রমশ বেড়েই চলেছে করোনাভাইরাসের ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে নতুন করে ৯৬ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন চার জন। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই মুখপাত্র নতুন করে ৯৬ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, সৌদিতে এখন পর্যন্ত ১ হাজার ২৯৯ জনের মাঝে নিশ্চিত করোনার সংক্রমণ পাওয়া গেছে। ১২ জন বর্তমানে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আট জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসটির বিস্তার রোধে সরকার কর্তৃক জারি করা করোনাভাইরাস সাবধানতা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া কারফিউয়ের সময় বৃদ্ধি করে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।
কারফিউ লঙ্ঘনকারীদের ১০ হাজার সৌদি রিয়াল (২ লাখ ২৭ হাজার ৫৯ টাকা) জরিমানার ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয়বার কেউ কারফিউ লঙ্ঘন করলে তাকে দ্বিগুন জরিমানা করা হচ্ছে।
এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশটিতে এর আগে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদসহ সব মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্টুরেন্টসহ জনসমাগমের সব স্থান বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরবজুড়ে ২১ দিনের কারফিউ জারি করেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ কারফিউ কার্যকর করা হচ্ছে।
