বিমানবন্দর থেকে ৬০ লাখ মাস্ক গায়েব

কেনিয়ার নাইরোবি বিমানবন্দর থেকে জার্মান সেনাবাহিনীর ৬০ লাখ মাস্ক গায়েব হয়ে গেছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

মুখপাত্র জানান, জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ৬০ লাখ মাস্ক জোগাড় করতে বলেছিল। সেই মোতাবেক একটি প্রতিষ্ঠানকে মাস্ক তৈরির দায়িত্বও দেয়া হয়েছিল। সম্প্রতি জার্মানি নেয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দর থেকে হারিয়ে গেছে মাস্কগুলো।

তবে সেগুলোর দায়িত্ব কোন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল, কোথা থেকে পাঠানো হয়েছিল, ভুল করে কোথায় পাঠানো হয়েছে বা কীভাবে হারিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি এ কর্মকর্তা।

এদিকে জার্মানিতে এপর্যন্ত ৩২ হাজার ৯৯১ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন রোগী পাওয়া গেছে প্রায় চার হাজার এবং মৃত্যু হয় ৩৬ জনের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বের ১৯৭ টি দেশে আঘাত হেনেছে।

ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে, মাত্র ৩ মাসেই বিশ্বের ১৯৭ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। এতে আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ ২১ হাজার ৩৬৭ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮১০ জনের। পুরো বিশ্বে বর্তমানে প্রায় ২ লাখ ৯৪ হাজার ১৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে ১২ হাজার ৯৮১ জনের অবস্থা গুরুতর।

চিকিৎসায় সারা বিশ্বের প্রায় ১ লাখ ৮ হাজার ৩৮৮ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।