অবশেষে বাংলাদেশের সকল দোকান ও সুপারমার্কেট বন্ধের ঘোষণা!

মার্চ মাসের ২৫ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সকল দোকান ও সুপারমার্কেটগুলো বন্ধ রাখার জন্য ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে, শুধুমাত্র খোলা থাকবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন জানান, “করোনাভাইরাস সংক্রমণের বিষয়টিকে পুঁজি করে ঢাকায় এবং ঢাকার বাইরে বহু জায়গাতে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এরকম ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

পাশাপাশি করোনাভাইরাস আতঙ্কে মার্কেটগুলো ক্রেতা শূণ্য হয়ে পড়ায় এবং শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণের সম্ভাবনা যেন না হয়, সেলক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে দুপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হয়।

আগামী এপ্রিল মাসের প্রথমদিকে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে। রোববার (২২ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং হবে না, সকাল থেকে এমনটাই জানিয়েছিল আইইডিসিআর।

তবে, দুপুর দেড়টায় হঠাৎ খবর দেয়া হলো, দুই ঘণ্টা পরেই ব্রিফিং। এতে দেশে নতুন করে তিনজন করোনা রোগী শনাক্তের কথা জানানো হয়। বিকেলে সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ২৭ জন।

নতুন করে আর কেউ মারা যাননি। তবে আক্রান্তদের মধ্যে আরো ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানালেন তিনি। সব মিলিয়ে সুস্থ হয়ে ফিরলেন ৫ জন। অর্থাৎ বর্তমানে ২০ জন করোনা রোগী আছে বাংলাদেশে। এদিন মাঝপথে ব্রিফিংয়ে যোগ দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। নতুন করে হিসাব নিকাশ করে জানান বর্তমানে ১৩ হাজার কিট মজুত আছে।