‘নেহা-আদিত্যর বিয়ের খবর টিআরপি বাড়ানোর ছক’

গায়ক কাম অভিনেতা আদিত্য নারায়ণ ও নেহা কক্করের বিয়ের খবর নাকি একেবারে ভুয়া। শুধুমাত্র একটা জল্পনা। এমন কথা বলেছেন খোদ আদিত্যর সুপারস্টার বাবা গায়ক উদিত নারায়ণ। তিনি বলেছেন, নেহার সঙ্গে আদিত্যর বিয়ের খবর নিছকই সনি টিভি কর্তৃপক্ষের টিআরপি বাড়ানোর একটি ছক মাত্র। এর আগে একই মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ার ভক্তরাও।

বেশ কিছুদিন ধরেই নেহা-আদিত্যর বিয়ের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। দুই পরিবারের এ নিয়ে নাকি নানা পরিকল্পনাও শুরু হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই নাকি তাদের চার হাত এক করবেন। ইন্ডিয়ান আইডল ১১’র মঞ্চেও উদিত ও তার স্ত্রী নেহাকে পুত্রবধূ হিসেবে দেখতে চান। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের পরিচালনা সম্পর্কে উদিত নারায়ণ বলেন, ‘আদিত্য আমাদের একমাত্র ছেলে। আমরা ওর বিয়ের জন্য অপেক্ষা করছি। নেহার সঙ্গে ওর এই বিয়ের গুজব সত্যি হলে আমি এবং আমার স্ত্রী সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু আদিত্য এমন কিছু আমাদের এখনো বলেনি।’

উদিতের এসব কথায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর কয়েকদিনে বিয়ে হলে অভিভাবকদের আদিত্য বিয়ের খবর বলবেন না? এ নিয়ে উদিতের বক্তব্য, ‘সেটাই তো! আমার মনে হয় আদিত্য ও নেহার বিয়ে নিয়ে এমন গুজব ইন্ডিয়ান আইডলের টিআরপি ওঠানোর ফন্দিমাত্র। ইশ, যদি বিয়ের খবরটা সত্যি হত। নেহা দারুণ মেয়ে। ওকে আমাদের পুত্রবধূ করতে পারলে ভালোই হত।’

অথচ ইন্ডিয়ান আইডল ১১-এর মঞ্চেই ছেলে আদিত্যর জন্য সংগীতশিল্পী নেহা কক্করকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলেন উদিত নারায়ণ ও তার স্ত্রী দীপা নারায়ণ। স্টেজে উদিত বলেছিলেন, রিয়ালিটি শো থেকে উঠে আসা নেহার দারুণ ফ্যান নারায়ণ পরিবার। তারা নেহাকে শিগগিরই বাড়ির বউ হিসেবে দেখতে চান। আর এখন বলছেন, সবই নাকি টিআরপি বাড়ানোর ছক।