পরমাণু চুক্তি রক্ষার পক্ষে শক্ত অবস্থানে চীন: ইরান

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তি অনেকটাই লাগামহীন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র গত বছর চুক্তি থেকে বের হয়ে ইরানের ওপর সকল নিষেধাজ্ঞারোপ করেছে। এমন অবস্থায় ইউরোপের দেশগুলো চুক্তি রক্ষার কথা বলে আসলেও সম্প্রতি ইরানের কর্মকাণ্ডে তারা অসন্তোষ প্রকাশ করেছে। এমন অবস্থায় চুক্তি টিকিয়ে রাখার পক্ষে চীন শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ইরান।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জানিয়েছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে চীন। রবিবার চীন সফররত আরাকচি বেইজিংয়ে একথা জানান।

তিনি বলেন, চীনা কর্মকর্তারা মনে করছেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহুপক্ষীয় কূটনীতির একটি বড় সাফল্য এবং যুক্তরাষ্ট্রের বলদর্পী আচরণ থেকে এই সমঝোতাকে রক্ষা করতে হবে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চীন সফর শেষে সোমবার সকালে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। সেখানে তিনি ইরান-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পরমাণু সমঝোতা নিয়েও জাপানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।