৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে টাইগাররা জেনে নিন খেলার সর্বশেষ খবর

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৫০ রান তুলতেই ৪ উইকেট খুইয়েছে তারা। ফলে জয় নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল। মালিঙ্গার করা ৫ম বলে আউট হয়ে সাজ ঘরে ফিরেছেন তামিম।

এরপর ১৫ রানে সৌম্য সরকার, ১০ রানে মিথুন এবং ৩ রানে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হন। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। ১৫ ওভার শেষে ৭২ রানে ব্যাট করছে বাংলাদেশ।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগিতকরা।

শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। কুসাল পেরেরার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

দলীয় ১০ রানে শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে শফিউল ইসলাম চমক দেখালেও দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। দ্বিতীয় উইকেটে কুসাল পেরেরাকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন করুণারত্নে। তবে ব্যক্তিগত ৩৬ রানে মিরাজকে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক।

দলীয় ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কুসাল মেন্ডিসের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন পেরেরা। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১১১ রানে সৌম্যর বলে মোস্তাফিজের হাতে ধরা পড়েন পেরেরা। ৯৯ বলের ইনিংসটিতে ছিল ১৭ চার ও এক ছক্কার মার। এরপর কুসাল মেন্ডিসকে (৪৩) ফেরান রুবেল।

লাহিরু থিরিমান্নে-অ্যাঞ্জেলো ম্যাথিউ মিলে দলীয় সংগ্রহটা নিয়ে যান ২৭৫ পর্যন্ত। থিরিমান্নেকে (২৫) সৌম্যর ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন মোস্তাফিজ। ম্যাথিউসের ৪৮ ও ধনঞ্জয়া ডি সিলভার ১২ বলে ১৮ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে ৬২ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার শফিউল। মাশরাফি-সাকিব না থাকায় এ সিরিজে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে।