মাত্র তিন ঘণ্টায় বদলে গেল বাংলাদেশের স্কোয়াড


ঢাকা: বিশ্বকাপে শুরুটা ভালো করেও হতাশায় শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন। সাকিব ছাড়া আর কাউকেই তেমন জ্বলে উঠতে দেখা যায়নি। তামিম-মাহমুদউল্লাহর ব্যাট কথা বলেনি তেমন। মাশরাফির বলে ছিল না কোনো ধার। দ্রুত গতিতে সৈকত ও সাব্বির রান তুলতে পারেননি। তবে বিশ্বকাপে ভালো করতে না পারা টাইগাররা আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ফিরবেন বলে আশা করে আছে বাংলাদেশি সমর্থকরা।

এদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ জুলাই, শনিবার দুপুর ১২টা ৪৫মিনিটে শ্রীলঙ্কার পথে রওনা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে ১৯ জুলাই, শুক্রবার শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিচ্ছিল বাংলাদেশ দল। বিকেল ৫টায় সফর-পূর্ব সংবাদ সম্মেলনও করেছেন মাশরাফি বিন মুর্তজা। তখন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যা ৬টায় অনুশীলনে যান মাশরাফি।

এ সময় তাকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে। সন্ধ্যা ৭টায় বোলিং অনুশীলন শুরু করেন তিনি। ১০-১৫ মিনিট বোলিং করার পরই হঠাৎ একটা শব্দ হলো। দেখা গেল বোলিং করতে গিয়ে পড়ে গেছেন মাশরাফি। ৫ মিনিট পর ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের এই ওয়ানডে অধিনায়ক। রাত ৮টা নাগাদ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মাশরাফি। ফলাফল শেষ মুহূর্তের এই চোটে শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না মাশরাফির।

রাত ৯টায় বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এখানেই শেষ নয়। তার সাড়ে ৯টা নাগাদ জানা গেল শুধু মাশরাফিই নয়, চোটে পড়ায় শ্রীলঙ্কায় যাচ্ছেন না সাইফউদ্দিনও। এরপর ১০টার দিকে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন ঘটলো। মাশরাফি ও সাইফউদ্দিনের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন তাসকিন ও ফরহাদ রেজা।

এই পরিবর্তনে বলা যায়, মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বদলে হয়ে গেল বাংলাদেশ দল।