মার্কিন পররাষ্ট্র নীতিতে ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে গত বুধবার হোয়াইট হাউজে মতবিনিময় করেন ডোনাল্ড ট্রাম্প। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এ সময় বাংলাদেশের হয়ে ট্রাম্পের কাছে অদ্ভুত নালিশ করেন এক নারী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই নালিশ নিয়ে আলোচনা-সমালোচনা পর ওই নারীর পরিচয় বেরিয়ে এসেছে।
নালিশ করা ওই নারীর নাম প্রিয়া সাহা। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি চরবানিরী, মাটিভাঙ্গা, নাজিরপুর, পিরোজপুর বলে জানা গেছে। প্রিয়ার স্বামী মলয় সাহা দুর্নীতি দমন কমিশন (দুদক)এর সহকারী পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
এনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল নিজের ফেসবুক পাতায় লেখেন, ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা (কেউ কেউ বলেছেন তার নাম প্রিয়া সাহা) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কাছে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ করেছেন।তিনি বলেছেন বাংলাদেশে ৩ কোটি ৭০ লক্ষ ধর্মীয় সংখ্যালঘু ‘ডিসএপিয়ার’ (অদৃশ্য/দেশত্যাগে বাধ্য?) হয়ে গেছেন। তিনি বলেছেন মুসলিম মৌলবাদীরা এটা করেছে এবং তারা সবসময় রাজনৈতিক শেল্টার পেয়েছে।
তিনি আরও বলেন, প্রিয়া সাহার অভিযোগ অবিশ্বাস্য। এটি যদি সত্যি না হয় তাহলে তা দুঃখজনক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি উস্কানিমূলক। সরকারের বিষয়টি সিরিয়াসলি নেয়া উচিত। কারন এতে দেশের ইমেজ ক্ষুন্ন হতে পারে। এ বক্তব্য এমনকি ট্রাম্পের দেশে বাংলাদেশের সাধারন মুসলমানদের আরো নিরাপত্তাহীনতার আশংকায় ফেলতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বিভিন্ন ধর্মের ২৭ জনকে মানুষকে ডেকেছিলেন তাদের দুর্ভোগের কথা শোনার জন্য। সেখানে মায়ানমার, নিউজিল্যান্ড, ইয়েমেন, চায়না, কিউবা, ইরিত্রিয়া, নাইজেরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, সুদান, আফগানিস্তান, নর্থ কোড়িয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান জার্মানি, বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তাদের প্রত্যেকেই ট্রাম্পকে তাদের নিজ দেশের দুর্ভোগের কথা বলছিলেন। সেখানেই বাংলাদেশ থেকে আমন্ত্রণ পান বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে। তিনি ট্রাম্পকে বলেন, তার জমি জমা কেড়ে নিয়েছে বাংলাদেশি মুসলিমরা, তার ঘরবাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে। তাই তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন।
ওভাল অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে ৩৭ মিলিয়ন হিন্দু-বৌদ্ধ খ্রিস্টানকে গুম করা হয়েছে। এখনো সেখানে ১৮ মিলিয়ন সংখ্যালঘু জনগণ রয়েছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ত্যাগ করতে চাই না। আমি আমার ঘর হারিয়েছি, আমার জমি নিয়ে নিয়েছে, আমার ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু সেসবের কোনো বিচার নেই।’
ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞেস করেন কারা এসব করছে? বাংলাদেশি ওই নারী বলেন, ‘সবসময় উগ্রবাদী মুসলিমরা এই কাজ করছে। সবসময় তারা রাজনৈতিক প্রশ্রয়ে এই কাজ করে।’
