মাশরাফিকে যেভাবে বিদায় দিতে চায় বিসিবি

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

কিন্তু দুর্ভাগ্য পিছু লেগেই ছিল বাংলাদেশের। বাজে ফিল্ডিং, বৃষ্টিতে পয়েন্ট নষ্ট, জয়ের কাছে গিয়েও হেরে যাওয়া- ব্যাড লাক ছাড়া কিছুই নয়।

এবার আর সেমিফাইনালের স্বপ্নপূরণ হয়নি। আগামী বিশ্বকাপ ২০২৩ সালে। বয়স ৩৬ ছুঁইছুঁই হওয়ায় মাশরাফির খেলা দুরূহ। সেটি নিজেও খুব ভালো করে জানেন তিনি। তাই তো বিশ্বকাপ চলাকালীনও কয়েকবার বলেছেন- এবারের আসরই আমার শেষ বিশ্বকাপ। যদিও অবসরের বিষয়ে চূড়ান্ত করে কিছু বলেননি।

দেশে ফিরে সময় নিয়ে ভাববেন এ নিয়ে। তবে বোর্ড সূত্রের খবর, আসন্ন শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডেতেও মাশরাফিই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকছেন কোচ স্টিভ রোডসও।

সূত্র জানিয়েছে, বিসিবি থেকে মাশরাফিকে আপাতত অবসর নিয়ে না ভাবার পরাম*র্শ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে তিনি যাচ্ছেন। এরপর এ বছরই ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দিতে চায় বিসিবি। সেখানেও বোর্ডের ওপর মহলের অলিখিত শর্ত আছে।

ঘরের মাঠে বাংলাদেশ জিতবে, এমন কোনো সিরিজ শেষেই বিদায় দেওয়া হবে মাশরাফিকে। তবে সেই ম্যাচ বা সিরিজ কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা আছে।