‘অনেক কিছুই আড়াল হয়ে গেল নয়নের মৃত্যুতে’

‘বন্দুকযুদ্ধে’ রিফাত হত্যা মামলার মুল আসামি নয়নের মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে সতর্ক করলেন উচ্চ আদালত। তবে একে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলতে নারাজ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। আর রিফাত হত্যার বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবী বলছেন, নয়নের মৃত্যুতে অনেক কিছু আড়াল হয়ে গেল।

বরগুনার রিফাতকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি নয়ন কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আলোচনা চলছে সব মহলেই। বৃহস্পতিবার নয়ন কিভাবে নিহত হলেন জানতে চান উচ্চ আদালত। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে সে। সে সময় বিচারপতিরা বলেন, বিচারবর্হিভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না উচ্চ আদালত। পৃষ্ঠপোষকতা ছাড়া নয়ন শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেনি বলেও মন্তব্য করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আদালত বলেছেন বিচারবর্হিভূত হত্যাকাণ্ড তারা পছন্দ করেন না। এটা শুধু এক ব্যক্তির ক্ষেত্রে নয় সামগ্রিক দিক বিবেচনা করে বলেছেন। রিফাত হত্যাকাণ্ড নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া আইনজীবী বলছেন, নয়নের মৃত্যুতে রহস্যের অনেক দিক আঁড়াল হয়ে গেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘নয়ন বন্ড একদিনে গড়ে ওঠেনি। তাহলে কারা এত বড় একজন সন্ত্রাসী নয়ন বন্ডকে সহযোগিতা করলো, তাদের মুখোশটি কিন্তু উন্মোচন হলো না।’

যদিও নয়নের নিহত হওয়ার বিষয়টিকে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড মানতে নারাজ সিনিয়র ব্যারিস্টার শফিক আহমেদ। এ দিন রিফাত হত্যা মামলায় এজারহারভুক্ত ৪ এবং সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দিয়েছে বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।