অর্জুনের সাথে মায়ের অসম প্রেম নিয়ে যা বললেন মালাইকার ছেলে

নিউইয়র্কে চুটিয়ে প্রেম করছেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। সেই ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এই প্রথম খোলাখুলি ভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন দুই জনেই। বিয়ের বিষয়ে কিছুই বলেননি তারা।

শুরু থেকেই যদিও এই সম্পর্ক বহু চর্চিত। ৪৩ বছরের মালাইকার সঙ্গে ৩৪ বছরের অর্জুনের প্রেম যেমন মানতে পারেনি বলিউড তেমনি মানতে পারেননি সালমান খানও। ধীরে ধীরে সম্পর্ক আরও গাঢ় হতে অবশেষে মুখ বন্ধ হয়েছে বলিপাড়ার।

আর এখন মায়ের প্রেম নিয়ে মুখ খুলেছেন ১৬ বছরের ছেলে আরহান খানও। এই সম্পর্ক নিয়ে কী ছেলে বলে? এই প্রশ্নের উত্তরে মালাইকা জানান, প্রত্যেক মানুষের সঙ্গে কী ঘটছে না ঘটছে সে বিষয়ে কাছের মানুষদের সবটা জানানো উচিত। এবং তারপর সময় দেওয়া উচিত তাদের, যাতে আস্তে আস্তে ব্যাপারটাকে তারা সইয়ে নিতে পারেন। আমার ক্ষেত্রেও তাই-ই হয়েছে। ছেলেকে জানানোর পরে প্রথমে হয়ত একটু অস্বস্তিতে ভুগেছে আরহান। সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেকটাই স্বাভাবিক। ভালো লাগছে দেখে, যে এখন সবাই খুব খুশি।

মালাইকা অরোরার থেকে অর্জুন কাপুর বয়সে নয় বছরের ছোট। এই নিয়েও তিনি তার অনুভূতি জানিয়েছেন, ‘প্রেম বয়স মানে না। হৃদয়ের সঙ্গে হৃদয় যখন বাঁধা পড়ে তখন কেউ আঙুল গোনেন না, কার কত বয়স এই হিসেব কষতে। যখন একটি মেয়ে তার থেকে বড় একজন পুরুষের প্রেমে পড়ে তখন সেটা ঠিক। কিন্তু যখন তার উল্টোটা ঘটে, তখনই ওই মহিলার গায়ে বুড়ি, হতাশায় ভুগছে এই ধরনের ট্যাগ সেঁটে দেওয়া হয়। আমার দুর্ভাগ্য যে, আমি সেই সমাজে বাস করি যেখানে যুগের সঙ্গে তাল মিলিয়ে কেউ চলে না।’